এটা তোমারই গল্প
তোমাকে বলছি
গল্প তো গল্পই, তাকে সত্যি ভাবার কোনো জায়গা নেই। কিন্তু গল্পকে শুধু গল্প ভাবলেও চলে না। কেন না, গল্পের ভিতরেও আরেকটা গল্প থাকে। মজাটা সেখানেই। আর, এমনই সব মজা নিয়ে আমাদের এই নতুন ব্লগ।
দেখো, তোমার মনের মধ্যে তো একটা দুটো তিনটে দুঃখ নিশ্চয় আছে। তুমি যতই হাসিমুখে সেলফি তুলে ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট করো, নিদেনপক্ষে আধখানা কষ্ট তো বুকের ভিতর নিশ্চয় আছে। সেটা প্রেম বিষয়ে হোক বা অন্যকিছু। এবার বলো, একটা দুটো অভিযোগও নিশ্চয় আছে? অভিমান? আছে। কোনোকিছুতে খুব রাগ? তাও আছে। লজ্জা-ঘৃণা-ভয় সবই আছে। কারুর ওপর ক্রাশ থাকবে। কিংবা একদম মামুলি চোরা-চাউনির সম্পর্ক থাকাও আশ্চর্য নয়।
কিন্তু এসব কথা কি কাউকে বলতে পেরেছো কোনোদিন? না, তোমার কি মনে হয় না, এই যে ভুলভাল গল্পটল্প নিয়ে আমাদের টিভিতে গুচ্ছের সিরিয়াল হয়, জেরক্স করা গল্প নিয়ে হুটহাট কত হিট হিট সিনেমা হয় তার চেয়ে তোমার গল্পটা অনেক ভাল! অনেক বেশি ‘সিনেম্যাটিক’! অনেক বেশি হিট করার মত?
কিন্তু সৃজিত মুখার্জি তো তোমার গল্পটা নিয়ে সিনেমা বানাতে রাজি হবেন না। রঞ্জনার পাড়ায় ঢুকে ঠ্যাং খোঁড়া করে এসেছো, মনের মধ্যে তীব্র অঞ্জনভাব, কিন্তু তোমার গলা দিয়ে এক কলি গান বেরুচ্ছে না। আমাদের ব্লগ একটা নতুন আইডিয়া নিয়ে ভাবছে। না, সিনেমা বানানোর পুঁজি বা সামর্থ্য আমাদের আপাতত নেই। গান লিখে রেকর্ড করে ইউটিউবে মিউজিক ভিডিও আপলোড করাও ঝক্কির কাজ। আমরা তোমার সেই না-বলা গল্পটাকে লিখবো। বাংলা ভাষায়, সহজে, সরলে। ‘গল্পের গল্প’ ফেসবুক পাতায় নজর রেখো। সপ্তাহে একটা গল্প নিয়ে আমাদের ‘গল্পের গল্প’ ব্লগ আসছে।
আর সবচাইতে মজার কী জানো, তোমার গল্পই সাজিয়ে গুছিয়ে তোমাকেই বলবো, অথচ তোমার মনে হবে, 'আশ্চর্য, পুরোটাই গল্পের মতো!'
Comments
Post a Comment